সংযুক্ত আরব আমিরাতে চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ চলাকালে বড় দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা। প্রয়াত বাবার শেষকৃত্যে অংশ নিতে করাচির বিমান ধরেছেন পাক অধিনায়ক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের একটি ফ্লাইটে করাচিতে নিজ বাড়ি যান ফাতিমা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তার পরিবর্তে সেমির লড়াইয়ে টিকে থাকার ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মুনিবা আলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাতিমা পাকিস্তানের সবচেয়ে কম বয়সী (২২) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন। তার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বাকি আর ২টি। আগামীকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানের মেয়েরা। আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
