ছাত্র আন্দোলনে নিহত

মৃত্যুর আড়াই মাস পর বেরিয়েছে ওয়াসিমের পরীক্ষার ফল

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৩৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারের পেকুয়ার ছেলে এবং চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় তিনি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। ওয়াসিমের সেই রেজাল্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাকে স্মরণ করছেন সহপাঠী ও বন্ধুরা। 

পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা গ্রামের প্রবাসী শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয়। মধুর আচার-ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন মেধাবী এই তরুণ আকরাম। 

ওয়াসিমের পরীক্ষার ফল

ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল ও এলাকাবাসী জানান, ছোট থেকেই ওয়াসিম ছিল অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল। 

শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যও তিনি। ৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ওয়াসিম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। সেই ফলাফল ফেসবুকে দিয়ে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা স্মৃতিচারণ করছেন। 

ফলাফলের ছবি পোস্ট করে আব্দুল্লাহ মো. আল ইমরান নামে একজন লিখেছেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের তৃতীয় বর্ষের রেজাল্ট। কিন্তু ওয়াসিম নেই।' 

জানা গেছে, ওয়াসিম আকরাম বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নেন। ১৬ জুলাই ছাত্র-জনতা মুরাদপুরে সমবেত হয়। বিকাল পৌনে ৩টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। ঐদিন ওয়াসিমসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত দেড়শ ছাত্র-জনতা। এ ঘটনায় গত ১৮ আগস্ট নিহত ওয়াসিমের মা জোসনা নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলসহ ১০৮ জনকে আসামি করা হয়।

ইত্তেফাক/এসএএস