জয় শাহরিয়ারের উদ্যোগে কনসার্ট ‘গানওয়ালাদের গান’

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:৩০

যে সকল সংগীতশিল্পীরা নিজের কথায় সুর দিয়ে নিজেই গেয়ে থাকেন, তাদের বলা হয় সিঙ্গার-সং রাইটার। বাংলাদেশেও অনেক শিল্পী আছেন, যারা নিজের গান নিজেই লেখেন, সুর দেন। জয় শাহরিয়ার তাদের অন্যতম। অনেকদিন ধরে তিনি পরিকল্পনা করছিলেন দেশের সিঙ্গার-সং রাইটারদের এক মঞ্চে নিয়ে আসার।

অবশেষে জয়ের সে স্বপ্ন বাস্তব হতে চলেছে। অনুষ্ঠিত হতে যাচ্ছে সিঙ্গার-সং রাইটারদের নিয়ে কনসার্ট ‘গানওয়ালাদের গান’। আয়োজনে রয়েছে জয়ের প্রতিষ্ঠান আজব কারখানা। তিনি ছাড়া এতে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী লিমন, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, সুহৃদ স্বাগত ও ব্যান্ড কাকতাল। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

জয় শাহরিয়ার। ছবি: সংগৃহীত

‘গানওয়ালাদের গান’ কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘বাংলা গানে সিঙ্গার-সং রাইটারদের বিচরণ অনেক আগে থেকে। তাদের প্রভাবও বিশাল। আমরা তাদের নাম দিয়েছি গানওয়ালা। গানওয়ালারা নিজেদের মতো করেই থাকেন। একটু আড়ালে থাকেন, সামনে আসতে তারা হয়তো ততটা পছন্দ করেন না। বলা যায়, তারা একা। তাদের আলাদা কিছু দর্শন থাকে। আমিও নিজের গান নিজেই লিখি। তাই এই বিষয়টি অনুভব করতে পারি। আমাদের গান যারা শোনেন, তাদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতেই এই আয়োজন।’

‘গানওয়ালাদের গান’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত

জয় শাহরিয়ার জানান, দুই বছর ধরে এমন একটি আয়োজনের পরিকল্পনা করছিলেন। তিনি বলেন, ‘এই কনসার্ট আমার অনেক দিনের পরিকল্পনা। গত দুই বছর বা তারও আগে এমন ভাবনা এসেছিল। করছি, করব বলে আর হয়ে উঠছিল না। অবশেষে এবার ব্যাটে-বলে মিলে গেল। গানওয়ালাদের গান কনসার্টে দুটি প্রজন্মকে একসঙ্গে দেখা যাবে। এখানে আমি গাইব, লিমন ভাই গাইবে। এ ছাড়া এ প্রজন্মের সানি, শুভ্ররাও গাইবে। এই কনসার্টে আমরা আমাদের মতো করে গান করতে চাই।’ এ রকম উদ্যোগের ধারাবাহিকতায় পরবর্তীতেও কনসার্টের আয়োজন করা হবে বলে জানান তিনি।

আগামী ২ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় শুরু হবে কনসার্ট। চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। রোববার (১৩ অক্টোবর) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কনসার্টের ই-টিকিট কেনা যাবে গেট সেট রক ডট কমের ওয়েবসাইট থেকে। টিকিটের মূল্য প্লাটিনাম ১০০০ টাকা ও গোল্ড ৫০০ টাকা।

ইত্তেফাক/এসএ