এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু বুধবার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৪

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। আবেদন গ্রহণ শুরু হবে বুধবার (১৬ অক্টোবর), চলবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। ফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আগামীকাল বুধবার থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

এ ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবারের এইচএসসি পরীক্ষায় সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

ইত্তেফাক/এএইচপি