সন্তানের পাসের খবরে কান্নায় ভেঙে পড়লেন শহীদ রায়হানের বাবা-মা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৮:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট ঢাকার বাড্ডা এলাকায় শহীদ হন গুলশান কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়হান। তার মৃত্যুর প্রায় আড়াই মাস পর মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ হয়েছে এইচএসসি পরীক্ষার ফল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তার জিপিএ-২.৯২। ছেলের পাসের খবর জানার পর থেকেই কান্না থামছে না মা-বাবা ও বোনের। 

জানা যায়, রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন রায়হান। গত ৫ আগস্ট বাড্ডায় বিজয় মিছিলে যোগদান করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরদিন ৬ আগস্ট দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।

রায়হানের বোন উর্মি আক্তার বলেন, আমার ভাই অনেক ভালো ছাত্র ছিল। তার আচরণ কখনো খারাপ ছিল না। তার জন্য বাবা-মা সব সময় কান্না করেন। ফলাফল দেওয়ার খবর শুনে বাবা-মা কান্না করছেন।

রায়হানের মা আমেনা খাতুন বলেন, ছেলে বেঁচে নেই, তার এই ফল দিয়ে কী হবে? সে পাস করছে তা দিয়ে এখন কি করব। তার আরও ভালো রেজাল্ট করার কথা। সে মেধাবী ছিল। তার বাবা এখনও কান্না করছেন। 

তিনি আরও বলেন, নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি। তাকে ঢাকায় পড়ালেখা করাইসি। তার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন বুলেটে শেষ হয়ে গেছে।

গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম বলেন, রায়হান জিপিএ ২.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার ফলাফল আরও ভালো হওয়ার কথা। তার মৃত্যু আমাদের এখনও কাঁদায়। সরকার যেন তার পরিবারের সঙ্গে থাকে সে আশা করছি। 

ইত্তেফাক/জেডএইচডি