খুলনায় আদালত চত্বর থে‌কে পালালো আসামি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৫:৫১

খুলনায় আদালত চত্বর থেকে চুরির মামলার এক আসা‌মি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দি‌কে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। 

পা‌লি‌য়ে যাওয়া আসা‌মি হ‌লেন, নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা দত্তবা‌ড়ির মিন্টু সরদা‌রের ছে‌লে হৃদয় সরদার। এ ঘটনার পর আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য নগরীতে চেকপোস্ট বসানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার নগরীর দৌলতপুর থানার এক‌টি চুরি মামলায় কারাগারে ছি‌লেন। আদাল‌তে তার হা‌জিরার দিন ছিল বৃহস্পতিবার। বেলা ১১টার দি‌কে তা‌কে আদালতে নেওয়া হয়। এ সময় আসামি হৃদয় এজলাসে না উঠে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পা‌লি‌য়ে যায়। 

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (প্রসি‌কিউশন) মনিরা সুলতানা বলেন, আসা‌মি হৃদয়কে গ্রেপ্তারে জোর তৎপরতা চালা‌নো হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

ইত্তেফাক/এসএএস