গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের কবির হোসেন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, কবির হোসেন সরকারের ঐ বাড়ির ২০টি ঘরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। বাড়িতে ঘুমন্ত মানুষের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক কবির হোসেন সরকার জানান, ভোররাতে হঠাৎ কীভাবে বাড়িতে আগুন লাগলো বুঝতে পারলাম না।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাবে না। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
