ডেঙ্গুতে আবারও একদিনে ৮ মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২১:০১

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে।এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫০ জন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪০২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ২৮ জন। মারা গেছেন ২৩৪ জন।

ডেঙ্গু। প্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৪, ঢাকা উত্তর সিটিতে ২৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬০, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৪০, রংপুর বিভাগে ২৬ ও সিলেট বিভাগে চারজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রেকর্ড হয়। সে বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইত্তেফাক/এনএ