যাত্রী কল্যাণ সমিতির তথ্য

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ প্রাণহানি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৩:০০

দেশে গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জন নিহত হয়েছেন। মোট ৪৯৩টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭৮ জন। এছাড়া এই মাসে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও চার জন আহত হয়েছেন। নৌপথে মোট দুর্ঘটনা ঘটেছে ১৪টি, মৃত্যু হয়েছে ১৯ জনের। এসব নৌ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৬ জন এবং নিখোঁজ রয়েছেন ৪৭ জন।

সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনা ঘটেছে ৫৪৭টি, মারা গেছেন ৫৫৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩৮ জন। এই সময়ে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত, ১৪৯ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। ১১৬টি সড়ক দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন এই বিভাগে। বরিশাল বিভাগে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

সুপারিশ: দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে রয়েছে-জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান, ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা ও সড়কে চাঁদাবাজি বন্ধ করা ইত্যাদি।

ইত্তেফাক/এমএএম