বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে উড়োজাহাজ লিজের অর্থ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:০০

বিদেশে অর্থ পাঠাতে এয়ারলাইন্সসহ তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে স্থানীয় এয়ারলাইন্স বিদেশ থেকে যেসব উড়োজাহাজ আনে তার ভাড়া বা লিজবাবদ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এতদিন এসব অর্থ বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো।

একই সঙ্গে ক্লাউড সেবা, আইটি অবকাঠামো, এবং সফটওয়‍্যার অ্যাপ্লিকেশনের বিভিন্ন ব্যয় ব্যাংকের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশে পাঠানো যাবে। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের আয়োজনকারীর মাধ্যমে সফটওয়ার রক্ষণাবেক্ষণসহ এ সব সেবা গ্রহণ বাবদ অর্থ বিদেশে পাঠানোর যোগ্য হবে।

অন্যদিকে বিদেশে চাকরি বা অভিবাসনের উদ্দেশ্যে যাওয়া অর্থাৎ প্রবাসীদের বিদেশে ব্যাংক হিসাব খোলা এবং ঐ হিসাবে প্রয়োজনীয় অর্থ জমা রাখার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদেশি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বিদেশস্থ ব্যাংক হিসাবে জমা করা যাবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার ব্যাংক তাদের গ্রাহকের পক্ষে সংশ্লিষ্ট খাতে অর্থ বিদেশে পাঠাতে পারবেন। পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ হয়েছে। এতে এ খাতের উদ্যোক্তা ব্যবসায়ীরা উপকৃত হবেন।

ইত্তেফাক/এমএএম