বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাব্বারুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের চান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাব্বারুল ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
শুক্রবার সকালে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত ওই যুবকের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর রাতের খাবার খেয়ে টিভি দেখছিল জাব্বারুল। এ সময় মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। রাত অনেক হলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয় পরিবারের সদস্যরা। পরে তারা খোঁজ করেন।
আরও পড়ুন: নিখোঁজের পর রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
এক পর্যায়ে বাড়ির পাশে একটি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু জাব্বারুল হত্যার কারণ সম্পর্কে পুলিশ বা তার পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেনি।
ইত্তেফাক/অনি
