সুপ্রিয়া দেবী বাংলা চলচ্চিত্রের একজন দিকপাল অভিনেত্রী। ৫০ বছরের বেশি সময় ধরে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। বাংলা সিনেমায় মহানায়ক যখন নক্ষত্রের মতো চলচ্চিত্র জগতে উজ্জ্বল, তখন তাকে ঘিরে যে নায়িকা বলয় তৈরি হয় তার এক নাম সুপ্রিয়া দেবী।
তবে শুধু নায়ক হিসেবে পর্দায় নয়, ব্যক্তি উত্তমকেও তিনি কাছ থেকে পেয়েছিলেন। ব্রহ্মদেশ তথা বর্তমান মিয়ানমারের সুন্দর-দুর্গম এলাকা কাচিন প্রদেশ। সেখানের রাজধানী মিয়িৎকিনা শহরে ৮ জানুয়ারি ১৯৩৫ সালে তার জন্ম। আসল নাম কৃষ্ণা এবং ডাকনাম বেনু। পর্দায় সুপ্রিয়া দেবী। বাবা ছিলেন একজন আইনজীবী ও সংস্কৃতিবান।
১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সপরিবারে কলকাতায় চলে আসেন। কলকাতায় আসার পর গুরু মুরুথাপ্পান এবং পরবর্তী সময়ে গুরু প্রহলাদ দাসের কাছে নাচের প্রশিক্ষণ নেন সুপ্রিয়া। অভিনয় শুরু করেছিলেন নাটক দিয়ে। বাবার নির্দেশনায় মাত্র সাত বছর বয়সে দুটি নাটকে কাজ করে অভিনয়ের জগতে পা রাখেন তিনি। প্রথম চলচ্চিত্র নীরেন লাহিরী পরিচালিত 'নাগপাশ'। তবে সিনেমাটি মুক্তি পায়নি।
এখানে তার প্রথম ডায়লগ ছিল 'দাদা, ইনিই সে দিন আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলেন।' এ ডায়লগ প্রসঙ্গে সুপ্রিয়া দেবী এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'কত অসংখ্য ডায়ালগ আমাকে দিয়ে বলানো হয়েছে। কিন্তু ওটা আমার সবচেয়ে প্রিয় ডায়ালগ।'
১৯৫২ সালে নির্মল দে পরিচালিত সুপ্রিয়া দেবীর প্রথম অভিনীত চলচ্চিত্র 'বসু পরিবার' মুক্তি পায়। এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বেশ পরিচিতি অর্জন করেন। এ চলচ্চিত্রেই প্রথম তার নাম পরিবর্তন করে সুপ্রিয়া দেবী রাখা হয়। ১৯৫৯ সালে উত্তমকুমারের বিপরীতে 'সোনার হরিণ' তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঋত্বিক ঘটক পরিচালিত 'মেঘে ঢাকা তারা' চলচ্চিত্রে 'দাদা আমি বাঁচতে চাই' এই আকুতি সুপ্রিয়া দেবীর অভিনয় দক্ষতায় এক অনন্য মাত্রা যোগ করে।
এছাড়া তিনি 'শুন বরনারী', 'উত্তরায়ন', 'সূর্যশিখা', 'সবরমতী', 'মন নিয়ে', 'শেষ ঠিকানা', 'দেবদাস', 'কাল তুমি আলেয়া'সহ অসংখ্য চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেন। 'আপ কি পরিছাঁইয়া', 'দূর গগন কি ছাঁও মে', 'বেগানা', নামে হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।
দীর্ঘ ১৭ বছর তিনি এবং উত্তম কুমার একসাথে বসবাস করেন। উত্তম কুমারের মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে ছিলেন সুপ্রিয়া দেবী। ২০১৮ সালের ২৬ জানুয়ারি ভোরবেলা নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে মারা যান চলচ্চিত্রের এই গুণী অভিনেত্রী।
