যমুনায় পানি বাড়ায় চৌহালী উপজেলার তিনটি গ্রাম বিলীনের পথে। গ্রামগুলো হলো-বোয়ালকান্দি, মহেশপুর ও বারবালা।
যমুনার পূর্ব পাড়ে অবস্থিত সিরাজগঞ্জের চৌহালীতে নদী ভাঙ্গনে ৪ বছর আগেই পুরো উপজেলা পরিষদ ও সদরের ৭/৮টি গ্রাম বিলীন হয়েছে। পানি বাড়ায় দু সপ্তাহের ব্যবধানে উপজেলার বোয়ালকান্দি, মহেশপুর ও বারবালা গ্রাম এখন বিলীনের পথে। শুক্রবার সকালে বোয়ালকান্দি গিয়ে দেখা যায় গ্রামের আজমত আলী মেম্বর, বৃদ্ধ খলিলুর রহমান, আব্দুল বারেক, হাই মোল্লার স্ত্রী লাইলী খাতুন, মৃত আমজাদ আলীর স্ত্রী হাজেরা খাতুন ও মতি প্রামানিকের স্ত্রী হাজরা বেওয়া ঘর-বাড়ি, গাছপালা ও আসবাবপত্র সরাতে ব্যস্ত।
সদিয়াচাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ ও ইউপি সদস্য জেলহাজ আলী জানান, স্থায়ী প্রতিরোধ কাজ আপাতত না করা গেলেও চৌহালীর মানচিত্র থেকে ৩টি গ্রাম না হারাতে দ্রুত জিও টেক্স ব্যাগে বালু ফেলে রক্ষা কাজ করা প্রয়োজন।
আরও পড়ুন: পদ্মাসেতু নিয়ে ফেসবুকে গুজব; লাকসামে যুবক আটক
দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ভাঙ্গন ঠেকাতে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামীতে টাঙ্গাইল ও চৌহালীকে স্থায়ী ভাবে রক্ষায় ১ হাজার ৯৭০ কোটি টাকায় কাজ বাস্তবায়িত হলে এলাকাবাসীকে নদী নিয়ে আর আতঙ্কে থাকতে হবে না।
ইত্তেফাক/আরকেজি
