পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪:৩৪

দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আসতে কতদিন লাগবে তা এখনই বলা যাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কতদিন লাগবে পাচারের টাকা ফেরত আসতে তা এখনই বলা যাবে না। কয়েক বছর ধরে এই টাকা পাচার হয়েছে। তা ফেরত আসতে সময়তো লাগবেই।’

আজ রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এ জন্য আলাদা কমিশন গঠনের প্রয়োজন নেই। অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য কারিগরি সহায়তা দরকার। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে আলোচনা করবেন।

বাজারে স্বস্তি ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যাগে কাজ করছে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, টিসিবি, ওএমএস, কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। এর সাথে বেশ কিছু বেসরকারি উদ্যোগও আছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে উল্লেখ করে তিনি বলেন, টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। ঢাকার বাইরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে।

ইত্তেফাক/এসকে