সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রাজশাহী কমিউটার ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও একটি কোচ উদ্ধারের পর পুরোপুরি স্বাভাবিক হয়েছে এক ও দুই নম্বর লাইন। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্বাভাবিক হয় লাইন দুটি।
এর আগে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঈশ্বরদীমুখী জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে এক নম্বর লাইনের স্টাটার সিগন্যালে রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি কোচ লাইনচ্যুত হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সচল থাকলেও রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় স্টেশন এলাকায় ট্রেন চলে ধীর গতিতে।
জামতৈল রেলওয়ে স্টেশন সুত্রে জানা যায়, রেলের এক নম্বর লাইনের পয়েন্টে ক্রটি থাকায় স্টেশনে দাঁড়িয়ে থাকা রাজশাহী কমিউটার ট্রেন ছাড়ার সংকেত দিতে কিছু সময় বিলম্ব করেন স্টেশন মাস্টার। এসময় ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক জামতৈল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশনের কিছুদূর যেতেই এক নম্বর লাইনের স্টাটার সিগন্যালে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি কোচ লাইনচ্যুত হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও কোচ উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রোববার রাত ১১ টা ১৫ মিনিটে উদ্ধারকারী ট্রেন আসলে সোমবার ভোর রাত ৪ টা ২০ মিনিটে কোচ ও সাড়ে ৬টায় ইঞ্জিন উদ্ধার করা হয়। পরে এক ও দুই নম্বর লাইনের ক্রটি মেরামত করা হলে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে লাইন দুটি পুরোপুরি স্বাভাবিক হয়। পরে সকাল ৮ টায় লাইচ্যুত হওয়া রাজশাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি কোচ নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয় উদ্ধারকারী ট্রেনটি।
এর আগে রোবরার সন্ধ্যার পর রাজশাহী কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনটির প্রায় সাত শতাধিক যাত্রী। পরে পার্শ্ববর্তী উল্লাপাড়া স্টেশন থেকে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ট্রেনটির লাইনচ্যুত না হওয়া চারটি কোচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি।
