সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চৌবাড়ি এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের আবুল হাসানের ছেলে খালিদ (১৬), একই গ্রামের শফিকের ছেলে সোহাগ (১৬) এরা উভয়ই বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দীক হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, কামারখন্দ থেকে মোটরসাইকেল বেলকুচি যাচ্ছিল। ওভার স্পিডে চৌবাড়ি ব্রিজের কাছে মোড় ঘোরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপরজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত নাবিলের অবস্থা আশঙ্কা জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
