চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, রেললাইনে পড়ে ছিল রক্তাক্ত লাশ 

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬:৫৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের ওপর থেকে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করছে পুলিশ। স্থানীয়দের ধারণা কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইনের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার রাসেল আলীর স্ত্রী।

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেললাইনের উপর এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এসএএস