বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ছাত্রদলের ভবিষ্যত রাজনীতির ধরণ নিয়ে বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দখলদারিত্বের ছাত্ররাজনীতির অবসান হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই। যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু রাজনীতিচর্চার মধ্য দিয়ে আগামী দিনে সুনাগরিক নাগরি ও দেশপ্রেমিক হয়ে উঠতে পারেন। আমাদের বিশ্বাস এর ফলে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের যাত্রা বেগবান হবে।
সোমবার (২১ অক্টোবর) সকালে যশোর সিটি কলেজ, শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজ ও যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
যশোর সুনামধন্য এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ও বিএনপির ৩১ দফা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেন।
নাভারন ডিগ্রি কলেজের শিক্ষার্থী তারানা তাবাসসুম ক্যাম্পাস রাজনীতির পরিবেশে ও ছাত্রদলের শৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে নাছির বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে ছাত্রদলের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসির কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করছে ছাত্রদল। যারা ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য পৃথক সেল গঠন করা হয়েছে।
এ সময় তিনি বিএনপির ৩১ দফার প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র সংস্কার করে বিএনপি কেমন রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায় সে বিষয়েও শিক্ষার্থীদের অবগত করেন। ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্রের প্রতিটি অর্গান পুর্নগঠনের বিষয়ে ছাত্রদল ও বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান তিনি।
এ ছাড়া যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি গুণগত মান পরিবর্তের তাগিদ দেন। ছাত্রলীগের মতামত চাপিয়ে দেওয়ার বিষয়টি শিক্ষার্থীরা আলোচনায় আনলে নাছির বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে সম্মিলিত সিদ্ধানকে ছাত্রদল গুরুত্ব দিবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করবে।
