আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু 

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৫১

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বটতলী গ্রামের গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে চারটি হাতির একটি পাল নতুন গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। রাত ১০টার দিকে হালিমা খাতুন একই এলাকার পুরাতন গুচ্ছগ্রামে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণে শিকার হন। সেখানেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা পাহাড়ে তার মরদেহ দেখতে পায়। 

হালিমা খাতুনের ছেলে সালাহ উদ্দিন বলেন, রাতে হাতির আক্রমণে মাকে হারিয়ে ফেলেছি। যতদিন হাতিগুলো দেয়াং পাহাড়ে থাকবে ততদিন এ এলাকার কেউ নিরাপদ নয়। তাই আমরা দ্রুত হাতির অপসারণ চাই। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ২৩ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে হাতির আক্রমণে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের খোশাল তালুকদারের বাড়ির মো. দুলাল (৬০) ও বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহানা বেগমের (৩৮) মৃত্যু হয়। এই পর্যন্ত গত কয়েক বছরে হাতির আক্রমণে আনোয়ারা-কর্ণফুলীর বিশের অধিক নারী-পুরুষের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি