ফুটবল ছেড়ে টেনিসে উরুগুয়ের তারকা 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৫

একটা সময় উরুগুয়ের জাতীয় দলের তারকা ফরোয়ার্ড ছিলেন দিয়েগো ফোরলান। শুধু জাতীয় দল নয়। খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আতলেটিকো মাদ্রিদের মতো নামিদামি ক্লাবে। ২০১৯ সালে ফুটবলকে বিদায় জানিয়েছেন। এর পর উরগুয়ের দুটি ক্লাবে এক মৌসুম করেও কোচের দায়িত্ব পালন করেন ফোরলান। তবে সেখানে মন বসেনি তার। এর পর মনোযোগ দিলেন টেনিসে। ফুটবলের মতো এখানে পেতে থাকেন বাহবা। মিলতে থাকে সাফল্য। 

এবার ৪৫ বছর বয়সে এই সাবেক ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে পেশাদার টেনিসে। আগামী মাসে এটিপি ডাবলসের ম্যাচের মধ্যে দিয়ে টেনিস দুনিয়ায় প্রবেশ করবেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই ফুটবলার। এর আগে ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় দিয়েগো ফোরলানের। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলে উরুগুয়ে। সেই আসরে দুর্দান্ত ছিলেন ফোরলান। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেন গোল্ডেন বুট। 

এছাড়া ও উরুগুয়ের জার্সি গায়ে ১১২ ম্যাচ খেলে করেছেন ৩৬ গোল। এছাড়াও উরুগুয়ের হয়ে ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন ফোরলান। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ ও সুপার কাপ জিতেছেন এই উরুগুয়ের তারকা। শুধু তাই নয়, স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদের হয়ে হয়ে একাধিক শিরোপা জিতছেন ফোরলান। 

ইত্তেফাক/জেডএইচ