যমুনায় বিলীন গুচ্ছগ্রাম প্রকল্পের ১০০ ঘর

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৫:০৬

সারিয়কান্দির হাটবাড়ী গুচ্ছগ্রাম প্রকল্পের সর্বশেষ ঘরটিও গত রবিবার (২০ অক্টোবর) বিলীন হলো যমুনার গর্ভে। ঐ প্রকল্পে ১০০টি টিনসেড ঘর নির্মাণ করে ১০০ পরিবারকে পুনর্বাসন করা হয়। প্রকল্পটি নদী ভাঙনের কবলে পড়লে ২মাস আগে তড়িঘড়ি করে উপকার ভোগীদের কবুলিয়ত দেওয়া হয়।

২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের যমুনার অস্থিশীল হাটবাড়ী চরে গুচ্ছগ্রাম প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে ১৫-২০ বিঘা জমির উপর বালু ভরাট কাজে ৩ শতাধিক মেট্রিক টন চাল আর টিনসেড প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয়। 

হাটবাড়ী চরের স্থানীয়রা জানান, ‘গত জুলাই মাসে প্রকল্পের ঘর নির্মাণ চলা কালেই প্রকল্প নদী ভাঙনের কবলে পড়ে। ক্রমাগত ভাঙনে গত কাল রবিবার সর্বশেষ ঘরটিও ভেঙে নিয়ে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যায়।’

এ ব্যাপারে চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা জানান, প্রকল্পের বালু ভরাট কাজ চলাকালে নদী দূরে ছিল। হঠাৎ করে এত তাড়াতাড়ি প্রকল্প ভেঙে যাবে আমরা ধারণা করতে পারিনি। 

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, ‘আমি সারিয়াকান্দিতে নতুন যোগদান করেছি। প্রকল্প ভাঙনের খবর পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান হবে।’

জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘এখন থেকে যমুনার চরে আর কোনো স্থায়ী প্রকল্প করা হবেনা।’

ইত্তেফাক/এএইচপি