কাতালান বার্সার জার্সিতে রাফিনিয়ার ‘সেঞ্চুরি’, চারদিকে শুধু ফ্লিক বন্দনা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৩:১০

২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে কাতালানদের ৮-২ গোলে হারায় জার্মান ক্লাবটি। সে সময় বায়ার্নের কোচ ছিলেন হ্যান্সি ফ্লিক। এই জার্মান কোচ বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বার্সার ও বায়ার্নের ম্যাচটি নিয়ে। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে কেমন করে হ্যান্সি ফ্লিক। সেটা দেখার জন্য মুখিয়ে ছিল বার্সার সমর্থক থেকে শুরু করে ফুটবল ভক্তরা। 

বুধবার (২৩ অক্টোবর) রাতে নিজের জাত চেনালেন এই জার্মান কোচ। হ্যারি কেইনদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রাফিনিয়া-ইয়ামাল ও লেভানদোভস্কিরা। ম্যাচের প্রথম মিনিটে গোলে বায়ার্নের জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। শুধু তাই নয়, এদিন হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। চ্যাম্পিয়নস লিগে যা তার প্রথম হ্যাটট্রিক।

অন্যদিকে এর আগে ২০২২ সালে কাতালানদের জার্সি গায়ে জড়ান এই ব্রাজিলিয়ান। বায়ার্নের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে স্প্যানিশ জায়েন্টদের হয়ে নিজের শততম ম্যাচ খেলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। যার মধ্যে লা লিগায় ৭৪টি, চ্যাম্পিয়নস লিগে ১৫টি, ইউরোপা লিগ ২টি, কোপা দেল রে ৬টি, স্প্যানিশ সুপার কাপ ৩টি ম্যাচ খেলেছেন। 

বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত এক রাত কাটানোর পর এই ব্রাজিলিয়ান তারকা বলেন, 'এই ধরনের ম্যাচ ভোলা যাবে না। আমাদের ইতোমধ্যেই পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমরা কয়েক দিন বিশ্রাম নিতে পারবো। আমাদের পরের ম্যাচে ফোকাস করতে হবে। আজকের রাতটা সারা জীবন আমার স্মৃতিতে থাকবে।' 

অন্যদিকে বার্সা ও বায়ার্নের ম্যাচের পর ফ্লিক বন্দনায় মেতেছে গোটা ফুটবল বিশ্ব। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে বার্সাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই জার্মান কোচের হাত ধরে নিজের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সমর্থকরা। ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক বলেন, 'আমরা আজ রাতে একটি দুর্দান্ত দলকে হারিয়েছি। বার্সা বনাম বায়ার্ন এখন ইউরোপ ফুটবলের একটি ঐতিহ্য। ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা জিততে পেরেছি।' 

এছাড়াও বার্সার বর্তমান দল নিয়ে কাতালান হেডমাস্টার বলেন, 'এটি খুবই তরুণ একটা দল। দলের কম্বিনেশন অনেক ভালো। আমি এখানে এসে খুব খুশি। আমি আমার জীবনের একটি নতুন অধ্যায় লিখছি এবং আমি এটি পছন্দ করি। ক্লাবের সদস্যরা, খেলোয়াড়রা ও ভক্তরা সবাই অসাধারণ।'

ইত্তেফাক/জেডএইচ