বর্তমানে সিনেমার পরিমাণ কম থাকলেও সিনেমা প্রদর্শনের মাধ্যম বেড়েছে। সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। আর্ট ফিল্মের সাথে কমার্শিয়াল ফিল্মও সমান তালে চলছে বিশ্বজুড়ে। ভারত ও পাকিস্তানের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে বাংলাদেশের সিনেমা, প্রশংসিতও হচ্ছে দর্শকমহলে। এসব বিষয় নিয়েই আজকের আনন্দ বিনোদনের এবারের আয়োজন।
‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া-৩’ মুক্তি পাচ্ছে। সিনেমাটির আমদানিকারক ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি জানান, ‘সরকারি যাবতীয় নীতিমালা মেনেই আমদানি করা হচ্ছে সিনেমাটি। বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ভুলভুলাইয়া-৩ উপভোগ করতে পারবেন।’
১ নভেম্বর মুক্তি পাবে বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া-৩’। ভৌতিক কমেডি ধাঁচের এ সিনেমা সাফটা চুক্তির মাধ্যমে একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে ভারতের সিনেমা ভুলভুলাইয়া ৩। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিক্যুয়েলে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালানসহ আরো অনেকে।
হিন্দি সিনেমাটির বিনিময়ে ভারতে পাঠানো হচ্ছে, মীর সাব্বির অভিনীত ও পরিচালিত সিনেমা ‘রাত জাগা ফুল’। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে অভিনয় করেছেন-মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানভীর, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজ, নাজনীন হাসান চুমকি, রাশেদ মামুন অপু প্রমুখ।
আরো চমকপ্রদ খবর হচ্ছে পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। ঢালিউড কিং-এর সিনেমাটি ১ নভেম্বর মুক্তি পাবে পাকিস্তানে। সিনেমাটি পাকিস্তানে বড় পরিসরে আলোর মুখ দেখছে বলে জানিয়েছে প্রযোজক শাহরিয়ার শাকিল। পাকিস্তানে তুফান মুক্তি উপলক্ষ্যে এরই মধ্যে সিনেমাটি উর্দুতে ডাবিংও করা শেষ।
এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ভারতসহ আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের দুটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। রায়হান রাফীর গল্প ও আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শাকিবের বিপরীতে আরো অভিনয় করেছেন- কলকাতার চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।
অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে অভিনয় করেছেন। আশার কথা হচ্ছে বাংলাদেশের সিনেমার গ্রহণযোগ্যতা অন্যান্য দেশেও দিন দিন বাড়ছে। এখন একটি সিনেমা নির্মাণ করতে গিয়ে একজন নির্মাতা আন্তর্জাতিক বিষয়টিও মাথায় রেখে সিনেমা নির্মাণ করবেন।
