লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হাসবাইয়া শহরে তাদের আবাসনে ঘুমিয়ে ছিলেন। খবর আল জাজিরার
স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের দিকে হাসবাইয়া শহরের একটি কম্পাউন্ডে বেশ কয়েকজন সাংবাদিক থাকলেও দুই ফটো সাংবাদিক ও একজন সহযোগী (টেকনিশিয়ান) নিহত হন।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেন, এটি অত্যন্ত গুরুতর ঘটনা। ইসরায়েল কোনো সতর্কবার্তা দেয়নি। হাসবাইয়া খালি করার কোনো আদেশ নেই। এই অঞ্চল প্রকৃতপক্ষে তুলনামূলকভাবে শান্তই ছিল।
নিহতরা হলেন- ফটো সাংবাদিক ঘাসান নাজ্জার ও সহযোগী টেকনিশিয়ান মোহাম্মদ রেদা। হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট আল-মানার টিভি জানিয়েছে, তাদের ফটো সাংবাদিক উইসাম কাসিমও নিহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, যে বাংলোয় ওই ব্যক্তিরা ঘুমিয়ে ছিলেন, সেটি সরাসরি টার্গেট করে ইসরায়েল।
স্থানীয় নিউজ স্টেশন আল জাদিদ প্রচারিত ফুটেজে ধসে পড়া ভবন ও 'প্রেস' লেখা গাড়িগুলোকে ধুলো ও ধ্বংসস্তূপে ঢেকে যেতে দেখা গেছে।
লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এই হামলাকে 'যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লিখেছেন, এটি একটি হত্যাকাণ্ড। পর্যবেক্ষণ ও ট্র্যাকিংয়ের পর পূর্বপরিকল্পনা নিয়ে এটি ঘটানো হয়েছে। সেখানে সাতটি মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ১৮ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
