কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবা-ছেলে গ্রেপ্তার 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০২:০২

কুষ্টিয়ার মিরপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিষিদ্ধ বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে। এমসয় অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবৈধ ৫৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট কর্ণেল মো. মাহবুবুল আলম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫০) এবং তার ছেলে মো. ইকরামুল হক (২৩)। 

লেফটেন্যান্ট কর্ণেল মো. মাহবুবুল আলম সিকদার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম ও তার ছেলে ইকরামুল হক একে অপরের সহযোগিতায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে সংরক্ষণ করছে। এমন সংবাদ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর শয়নকক্ষে একটি লাল রংয়ের সিনথেটিক ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৫৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নিজ নিজ হেফাজতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় স্থানীয় মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে। 

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের ব্যবস্থা করবেন।

ইত্তেফাক/এনএন