বাতাসে গুঞ্জন, ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি। এবার নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস।
নিজের প্রেমের সম্পর্কে প্রথমবারের মত সিলমোহর দিলেন টিভি নাটক ও চলচ্চিত্রের গুণী নির্মাতা রেদওয়ান রনি। সম্প্রতি নির্মাতা উদযাপন করেছেন তার বিশেষ জন্মদিন। আর সে জন্মদিনের পার্টির জন্য ‘প্রিয়তমা’কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এ প্রসঙ্গে একটি ফেসবুক স্ট্যাটাস দেন রনি। ওই পোস্টে ২৩টি ছবি শেয়ার করেন তিনি। পোস্ট করা ছবিতে প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তে ধরা দেন।
অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে কাপল ছবিতেও দেখা যায় নির্মাতাকে। পোস্ট করা ছবির ক্যাপশনে রনি লিখেছেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’
রনি আরও লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’
এরপরই রনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’
রেদওয়ান রনির এমন পোস্টের পরই শুভেচ্ছা ও শুভকামনায় ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন বিয়ের পরামর্শ। অনেকে আবার বলেছেন, ‘প্রেমিকা সাদিয়া আয়মানকে পেয়ে জীবনে জিতেছেন নির্মাতা রেদওয়ান রনি।’
এদিকে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মানও। তবে ঝেড়ে কাশলেন না। রহস্য জমিয়ে রাখলেন। দিলেন দায়সারা উত্তর।
রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’
আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’
রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’ এরপর আর কথা বাড়াননি অভিনেত্রী।

