গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈঠাখালি নামক স্থানে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বৈঠাখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের ছোলেমান মাতুব্বরের পুত্র।
স্থানীয়রা জানান, বগুড়ামুখি একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি নামকস্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ ভেঙ্গে ট্রাকের সাথে আটকে যায়। এতে পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং সিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।
