ইসরায়েলি হামলায় আরও তিন সাংবাদিক নিহত, মোট ১৮০

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২১:৫৬

গাজার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ৩ সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৮০ জন সাংবাদিক নিহত হলেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নতুন করে নিহত সাংবাদিকরা হলেন আল-আকসা টেলিভিশনের সাঈদ রাদওয়ান, সানাদ নিউজ এজেন্সির হামজা আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হয়ে সাংবাদিকতার কাজ করা হানিন বারুদ।

ইসরায়েলি দখলদারিত্ব ঠেকাতে এবং চলমান গণহত্যা ও ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতে চাপ দিতে সব সংবাদমাধ্যমগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে গণমাধ্যম দপ্তর।

অপরদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ৮৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫৪৪ জনেরও বেশি।

হাজার হাজার লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলার কারণে জরুরি ও বেসামরিক প্রতিরক্ষা দেবাও পৌঁছানো যাচ্ছে না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশনা থাকলেও ইসরাইলি গণহত্যা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসকে