কুষ্টিয়ায় পদ্মার নদীতে দুর্বৃত্তদের হামলায় নৌকাডুবিতে দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন বাহিনীর আরও দুই সদস্য। সোমবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। এরপর ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস টিমের সদস্যরা। ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন, কুমারখালী থানার এএসআই সদরুল (৪৬) ও মুকুল (৩৬)।
পুলিশ জানায়, সোমবার ভোরে কুমারখালীর শিলাইদহ খেয়াঘাট থেকে নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে অন্যপ্রান্তের চর সাদিপুর গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাচ্ছিলেন দুই ইউপি মেম্বরসহ পুলিশের একটি দল। এ সময় নৌকাটি নদী তীরের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোক ভেবে দুর্বৃত্তরা দুদিক থেকে পুলিশের নৌকার ওপর আক্রমন চালায়। তাদের বেপরোয়া আক্রমনে টিকতে না পেরে পুলিশের সঙ্গে থাকা দুই ইউপি মেম্বরসহ চারজন নদীতে লাফ দেন। তারা সাঁতরে তীরে পৌঁছে নিজেদের আত্মরক্ষা করেন। কিন্তু দুর্বৃত্তদের উপর্যুপরি হামলায় নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে গেলে দুই পুলিশ কর্মকর্তা সদরুল ও মুকুল নিখোঁজ হন। এ ছাড়া অপর দুই পুলিশ সদস্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরও নিখোঁজ দুই পুলিশকে উদ্ধার করতে পারেনি কুমাখালীর ফায়ার সার্ভিসের টিম। পরে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু খুলনার ডুবুরি টিম তাদের উদ্ধার করতে সক্ষম হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, উদ্ধার অভিযান তত্ত্বাবধান করছি। খুলনার ডুবুরি টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, উদ্ধার অভিযান চলছে। তবে নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

