বিয়ের তিনদিনের মাথায় বিদেশ ফেরত যুবক খুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৩:২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহান আহমদ (২৩)। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত সোহান গত এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। তিন দিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হাতে মেহেদী দাগ মুছে যাওয়ার আগেই চলে যেতে হলো না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে নববধূসহ পরিবারে চলছে মাতম। নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া পুত্র।

আহতরা হলেন, সোহানের চাচাতো দু ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম(২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লাহ্ (২৫),দিঘীরপার কোনার বাড়ির আজির মিয়া(৪৫)। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সাথে নিহত সোহানের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে নুরকাছ ও তার সহযোগীরা সোহানকে ইনাতগঞ্জ বাজারে মাটিতে ফেলে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অপর দুজন সোহানকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ভর্তি হওয়ার আধা ঘণ্টা পর রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। মোসাদ্দেকের অবস্থা আশংকাজনক। অপর আহত শহীদুল্লাহ্ ও আজির উদ্দিনকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম জানান, তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ইত্তেফাক/এএইচপি