নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড ফের পুনর্গঠন, যুক্ত হলেন দুজন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড ফের পুনর্গঠন করা হয়েছে। বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।

এর আগে বোর্ডের সদস্য বেগম আকতার কামাল ও কবি আবদুল হাই শিকদার পদত্যাগ করায় নতুন করে দুজনকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‌‘গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। দুজন সদস্যের পদত্যাগের কারণে এখন নতুন দুজন যুক্ত হয়েছেন।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

এর আগে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০২২ সালের ১৩ জুন ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। যা সংশোধনপূর্বক কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬ নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ সেপ্টেম্বর সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে।

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসেবে আছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। পদাধিকার অনুযায়ী কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

বোর্ডের নতুন সদস্য হয়েছেন এহসান মাহমুদ ও মো. জেহাদ উদ্দিন। ছবি: সংগৃহীত

এহসান মাহমুদ ও জেহাদ উদ্দিন ছাড়াও বোর্ডের সদস্য হিসেবে আছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক লীনা তাপসী খান।

পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব (সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি। ট্রাস্টি বোর্ডের মেয়াদ কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬ নং ধারা অনুযায়ী বলবৎ থাকবে।

ইত্তেফাক/এসএ