স্কুলের নৈতিক শিক্ষা পাল্টে দিচ্ছে ভাঙ্গুড়ার শিশুদের আচরণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩৭

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষা কার্যক্রম পাল্টে দিচ্ছে শিশুদের। লেখাপড়ার পাশাপাশি শিশুরা যাতে তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেজন্য এখানে শুরু করা হয়েছে নৈতিক শিক্ষার পাঠ।

উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সম্প্রতি এই কার্যক্রম শুরু করেছেন ইউএনও নাজমুন নাহার।

শিক্ষকরা জানান, প্রাক-প্রাথমিকে শিশুতোষ কবিতা আবৃত্তি, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে ভালো অভ্যাস তৈরির অনুপ্রেরণা ও সত্যকথা বলার পাঠ দেওয়া হচ্ছে। ফলে শিশুরা গুরুজনদের সম্মান করে, নিজেদের কাজ নিজেরাই করে এবং কে কয়টা ভালো কাজ করলো তা পরস্পরের সঙ্গে শেয়ার করে। এতে ভালো কাজ করার প্রতি তাদের প্রতিযোগিতা চলে। এভাবে শিশুরা ধৈর্যশীল, পরোপকারী ও আত্ম-শৃঙ্খলাবোধ সম্পন্ন হয়ে উঠবে বলে তারা আশা করছেন।

উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী বলেন, ইউএনও প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষার কার্যক্রম শুরু করায় শিশুদের আচার আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। অপরদিকে শিক্ষকরা আরও তৎপর হয়েছেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়তে প্রত্যেক শিশুকে নৈতিকতার মানদণ্ডে পৌঁছে দিতে তিনি কাজ করছেন। যেন তারা বড় হয়ে দেশকে ভালোবাসে এবং সততা ও দক্ষতার সাথে জনসেবা করতে পারে।

ইত্তেফাক/এএইচপি