তিন সেঞ্চুরিতে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৪৫

চট্টগ্রাম টেস্টে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে সেঞ্চুরির দেখা পান টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন উইন মুল্ডার। এই তিন প্রোটিয়া ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।

প্রথম দিনে মাত্র ২ উইকেটের দেখা পায় বাংলাদেশ। এইডেন মার্করাম ৩৩ ও স্টাবস ১০৬ রান করে আউট হন। ডি জর্জি ১৪১ ও ডেভিড বেলিংহাম ২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন।

দ্বিতীয় দিনে ফিফটি তুলে নেন বেলিংহাম। দলীয় ৩৮৬ রানে ৭৮ বলে ৫৯ রান করে আউট হন তিনি। বেলিংহামের বিদায়ে ভাঙে ১১৬ রানের জুটি।

এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। সেইসঙ্গে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। জর্জি ১৭৭, রায়ান রিকেলটন ১২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান কেইল ভেরেইন 

এরপর সেনুরান মুথুসামিকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন মুল্ডার। ১৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মুল্ডারের সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার ১৫০ বলে ১০৫ ও মুথুসামি ৭৫ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।    

ইত্তেফাক/জেডএইচ