টঙ্গীতে গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৫১

গাজীপুরের টঙ্গীতে জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় কিছু সময়ের জন্য নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দী। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন, জামাল হোসেন, সানজিদ আহমেদ মিথুন, সিরাজুল ইসলাম, আলী মামুন টুটুল, রনি দেওয়ান, রানা হোসেন, রনি মোল্লা প্রমুখ।

ইত্তেফাক/এমএএস