চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন (৩০) পালিয়ে যাওয়ার ঘটনায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঘটনা ঘটে। পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।
জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে ৮৪ বোতল ফেনসিডিলসহ জীবননগর গোয়ালপাড়া থেকে ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা আটক করে। সন্ধ্যায় বিজিবি আসামিসহ জীবননগর থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়।
জীবননগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনোয়ারা খাতুন টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যান। এ সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন এসআই পবিত্র ও দুই কনস্টেবল মিতা ও সলেমান। তিনজন দায়িত্বে থাকা অবস্থায় আসামি পালিয়ে যাওয়ার ঘটনার জেরে তাদেরকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা ছিল।
তিনি বলেন, নারী আসামীদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এসময় ডিউটিরত অফিসার চা পান করতে যায়। থানার গেটেও তখন কেউ ছিলেন না। পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে।
