মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সিন্দুরকৌটা আকুবপুর সড়কে গাছ ফেলে যানবাহন ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় সজিব হোসেন ও সুমন হোসেন নামে দুজন ট্রাক চালক আহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে রাত ৩টার দিকে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতরা। এ সময় দুটি ট্রাকের গতিরোধ করে তাদের থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ট্রাক দুটির চালক প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদের হামলায় আহত হন। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
আহত ট্রাকচালক সজিব হোসেন জানান, ওই সড়ক দিয়ে আমিসহ বেশ কয়েকজন ট্রাক নিয়ে বামন্দী থেকে কুষ্টিয়া যাচ্ছিলাম। পথিমধ্যে আকুবপুরে পৌঁছালে ডাকাতরা গাছ ফেলে সড়ক অবরোধ করে ট্রাক ঠেকায়। এ সময় আমরা কয়েকজন ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে ডাকাতরা আমাদের দুজন চালককে কুপিয়ে আহত করে। এ সময় ভয়ে একজন ট্রাক চালক নিয়স্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাতদল আমাদের কাছে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। প্রায় একই সময় একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গাংনী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তাদেরও ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
