কুষ্টিয়ার ভেড়ামারা

থানা থেকে চুরি গেল পুলিশের ৩ মোটরসাইকেল

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৯:৫৪

কুষ্টিয়ার ভেড়ামারা থানা থেকে তিন পুলিশ সদস্যের তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি গোপন রাখলেও শনিবার (২ নভেম্বর) দুপুরে চুরির ঘটনা জানাজানি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। থানায় কর্মরত পুলিশের এস আই আলামিন হোসেন, কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে মোটরসাইকেলগুলো রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পান সেগুলো নেই। চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে সেগুলো নিয়ে গেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

ইত্তেফাক/জেডএইচডি