ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাভাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।
সেমিনারটি সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. ফজলুল করিম।
সেমিনারে বক্তারা বলেন, ক্যান্সার ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে একে আগেভাগে শনাক্ত করা। তখন এর চিকিৎসার নানান সুযোগ থাকে। শেষের দিকে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা জটিল হয়ে পড়ে। মেয়েদের ক্যান্সার বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং-এর জন্য তাদেরকে সচেতন হবার আহ্বান জানানো হয়।
