বায়ুদূষণের কারণে লাহোরে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২১:৪৭

ভয়াবহ বায়ুদূষণের কারণে পাকিস্তানের লাহোরে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। লাখ লাখ শিশুকে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ থেকে এড়াতে রোববার (৩ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।

বেশ কিছুদিন ধরে লাহোরের ১ কোটি ৪০ লাখ মানুষ দূষণের মিশ্রণে আচ্ছন্ন রয়েছে। বৈশ্বিক বায়ুমানের সূচক 'বিপজ্জনক' পর্যায়ে পৌঁছেছে।

পাঞ্জাব সরকারও রোববার এক হাজারের বেশি দূষণ সংক্রান্ত সংক্রমণের তথ্য রেকর্ড করেছে, যা 'নজিরবিহীন' বলে মনে করা হচ্ছে।

পানিস্তানে আগামী ছয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, বাতাসের গতিবিধি অনেকটা একই থাকবে।

লাহোরের জ্যেষ্ঠ পরিবেশ সুরক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আনোয়ার এএফপিকে বলেন, আমরা লাহোরের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করছি। সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।

কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।

ইত্তেফাক/এসকে