পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি শরণার্থী শিবিরে প্রার্থনা চলাকালে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় লামও জেলায় প্রাকৃতিক এই দুর্ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
পুলিশ বাহিনীর মুখপাত্র কিতুউমা রুসোকে বলেছেন, পালাবেক শরণার্থী শিবির এলাকায় বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে সাড়ে ৫টায় ব্যাপক বজ্রপাত শুরু হয়। নিহতরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন।
পালাবেক শরণার্থী শিবিরটি দক্ষিণ সুদানের সাথে দেশের সীমান্তের উগান্ডা অংশে অবস্থিত এবং প্রায় ৮০,০০০ লোকের আবাসস্থল।
আফ্রিকার কেন্দ্রীয় অংশে বজ্রপাত বিশেষত সাধারণ ঘটনা। মাঝে মাঝেই বজ্রপাত উগান্ডায় মারাত্মক ঘটনা ঘটায়।
২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে বজ্রপাতে ১০ শিশু নিহত হয়। ২০১১ সালে আরেক বজ্রপাতে ১৮ শিশু ও তাদের শিক্ষক নিহত হয়।

