নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক কারবারি আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০২:০০

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোলা জেলার মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে ভোলা জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদকে অনুসরণ করে তাকে ভোলা সংলগ্ন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়ন সড়ক থেকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা হতে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত।

যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

ইত্তেফাক/এমএএম