নদীতে গোসল করতে নেমে তাবলীগের ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৪

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর উদ্ধার হয়েছে ফাইজির রহমান (৪৮) নামের এক ইন্দোনেশিয়ান নাগরিকের মৃতদেহ। 

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাশে করতোয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

বিষয়টি স্থানীয় লোকজন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যগণ উদ্ধার অভিযান চালায়। কিন্তু লাশের কোনো সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে।

ফাইজির রহমানের লাশ উদ্ধার
 
নিখোঁজ ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামাতের সাথে এসেছিলেন। তাবলীগ জামাতটি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছে।

গ্রামবাসী জানান, সকালে তাবলীগ জামাতের ৩/৪ জন মুসল্লি করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে বিদেশি নাগরিক ফাইজির রহমান নিখোঁজ হয়ে যায়। গোসলে নামার সময় গ্রামের কয়েকজন মহিলা ফাইজির রহমানকে ওই জায়গায় নামতে নিষেধ করে। কিন্তু ভাষাগত কারণে সে বুঝতে না পারে ওই জায়গায় গোসল করতে নেমে নিখোঁজ হন। অন্য সঙ্গীরা সেখান থেকে কিছু দূরে গোসল করে উঠার পর সে না উঠে আসলে স্থানীয়দের মাধ্যমে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা যৌথভাবে ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা জানান, করতোয়া নদীর ওই স্থান থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীরতার কারণে এলাকার কেউ নামতে বা গোসল করতে আসেনা।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই ইন্দোনেশিয়ান নাগরিক মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। অবস্থানরত তাবলীগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা কাকরাইলে এবং ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএএস