অ্যাপ্রোচ সড়ক ছাড়াই সেতু নির্মাণ 

সেতুতে হেঁটে খাল পার হতে হয়, চলে না গাড়ি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৭

খালের উপর ৬০ ফুট দৈর্ঘ্যের সেতু। দুই পাশে সড়ক নেই। হেঁটে সেতু পার হওয়া যায়। কিন্তু কোনো যানবাহন এতে উঠতে পারে না। কারণ দুই পাশের যানবাহন যাতায়াত করার মতো সড়ক নির্মাণ করা হয়নি। এই সেতুটির অবস্থান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিনাইরচর খাল এলাকায়। 

সেতুর একপাশ ব্রাহ্মন্দী ও অপর পাশ দুপ্তারা ইউনিয়নের মধ্যে পড়েছে। মনেহর পাকা রাস্তা থেকে বিনারচর অভিমুখে খালের ওপর সেতুর নির্মাণ করা হয়েছে ২০১৬-১৭ অর্থবছরে। এটা ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের একটি প্রকল্প। এই সেতুর নির্মাণে ব্যয় করা হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা।

এলাকাবাসীর ভাষায়, 'এই সেতুর কোনো আগামাথা নেই। দুই পাশে সড়ক নেই। মানুষ কোনোভাবে চলাচল করতে পারে। কিন্তু কোনো যানবাহন উঠতে পারে না। তাহলে এই সেতু তৈরি করার মানে কী? মানুষ কি সেতু ধুইয়া পানি খাইব। এই সেতুর টাকা কারো না কারো পেটে গেছে। নইলে রাস্তা হইল না কেন।'

অভিযোগ রয়েছে, বিগত সরকারের লোকজন কোনো দরকার ছাড়াই সেতুটি নির্মাণ করছে। অথচ এই খানে কোনো সেতুর দরকার ছিল না।

সরেজমিনে দেখা গেছে, সেতুটির গোড়া দিয়ে হেঁটে যাওয়ার মতো ছোট রাস্তা কিন্তু যানবাহন যাতায়াত করতে পারে না। এলাকাবাসী কাপড় শুকায় সেখানে। কেন এটি নির্মাণ করা হয়েছে তা জানে না স্থানীয়রা। 

আড়াইহাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান জানান, যদি সেতুর গোড়ায় মাটি না থাকে তা দিয়ে রাস্তা করে দেওয়া হবে। এটি তিনি যোগদানের অনেক আগে হয়েছে। 

ইত্তেফাক/এসএএস