কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তৌহিদ সর্দার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সঙ্গে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। গতকাল গায়েন বংশের কয়েকজন ছেলেকে সর্দার বংশের লোকজন মারধর করে। রোববার সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের ওপর গুলিবর্ষণসহ হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় তৌহিদ সর্দারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন অন্তত ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দার মারা যায়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত আছে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
