নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার 

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২২:৩৬

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের নেতা আজাহারুল ইসলাম বুলুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা। শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি নিয়ামতপুর উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর লক্ষীতাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। নওগাঁ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতির পদে ছিলেন আজাহারুল ইসলাম বুলু। 

জানা যায়, নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসির নির্দেশে এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর এলাকায় অভিযান চালিয়ে আজাহারুল ইসলাম বুলুকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর হত্যা মামলার আসামি ছিলেন তিনি।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি হত্যা মামলার আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহনপুর এলাকা থেকে আজাহারুল ইসলাম বুলুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ইত্তেফাক/পিও