খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মিটন চাকমা (৩০) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দল এর পানছড়ির সংগঠক বলে দাবী করেছে সংগঠনটি। মিটন চাকমা রবিবার দুপুর ১২ টার দিকে মারা যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান, ভোর ৫ টা থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় গোলাগুলির হওয়ার খবর পাওয়া গেছে। তবে, কোন হতাহতের খবর জানা যায়নি।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেছেন, জনসংহতি সমিতির (সন্তু লারমা) একদল সশস্ত্র গ্রুপের সদস্য ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালালে মিটন চাকমা নিহত হন। সে দীঘিনালা উপজেলার উদোল বাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। সে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলো। ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেয়।
ইউপিডিএফ বিবৃতিতে অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এর আগে ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ি শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের হামলায় তিন ইউপিডিএফ কর্মী নিহত হন।
