ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ওসিসহ কয়েকজনকে কামড় দেয় ওই আসামি।
রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য আহত হন। এর জেরে সোমবার (১১নভেম্বর) পুলিশ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে মামলা করেছে এবং অভিযান চালিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি হালিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ভ্যানে তোলার সময় তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, হালিম মিয়া আওয়ামী লীগের একজন দুর্ধর্ষ ক্যাডার, কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা । তাকে গ্রে০প্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এসময় আসামী হালিম মিয়া তাকেসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে কামড় দেয়।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নাসির উদ্দিন, এসআই মো. সামিম ভূঁইয়া, এএসআই রমজান চৌধুরী, এএসআই মো. আব্দুর রসিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই বিল্লাল হোসেন এবং পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
