রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় দায়ের করা চারটি হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশ হেড কোয়াটারের এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সোমবার (১১ নভেম্বর) জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।
পুলিশ হেড কোয়াটারের অ্যাডিশনাল ডিআইজি রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয় বলে জানানো হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে চারটি হত্যা মামলার সব নথি পত্র সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সাবেক সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির,ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন।
রংপুরের আদালতে নিহতের স্বজনরা বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা করলে বিচারক মামলা গুলো এজাহার হিসেবে রেকর্ড করতে সংশ্লিষ্ট থানাকে আদেশ দেন। এরপর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় চারটি হত্যা মামলা করা হয়। এতদিন মামলাগুলো তদন্ত করছিল পুলিশ।
