মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং এলাকার এসকেন্দার মাতুব্বরের ছেলে।
পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া গ্রামের শাহাদাত মোল্লা ও জুয়েল মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে এই দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন সোমবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জুয়েল মাতুব্বরের সমর্থক হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাকে একা পেয়ে শাহাদাত মোল্লার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিবচর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
