শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০ ব্যাগে ১২৩টি ককটেল উদ্ধার করে বিস্ফোরিত করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ককটেল উদ্ধার করে একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করে উদ্ধারকারী দলের সদস্যরা।
এর আগে, সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার পাশে জঙ্গলে ৪ স্থানে ১০টি কালো রঙের ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয়রা । এ সময় একটি ব্যাগের ভেতরে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে সেনাবাহিনীর একটি দলও পৌঁছায়। পরে সন্ধ্যায় ডিএমপি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ডামুড্যা থানার সাব-ইনিসপ্টেক্টর ইয়ার হোসেন বলেন, সকাল ৯টার সময় খবর পাই উত্তর আকালবরিশ এলাকায় কিছু ব্যাগের ভেতর বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই এবং বোমা ডিসপোজাল গ্রুপকে খবর দেই।
সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল মুশফিকুর রহমান বলেন, ওই গ্রামে কিছু দুস্কৃতিরা কালো ব্যাগে বোমা রেখে গেছে। খবর পেয়ে আমি এবং ডামুড্যা থানার ওসি মিলে ব্যাগগুলো উদ্ধার করি। দুষ্কৃতকারীরা কী উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে গেছে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
